গাজীপুরের টঙ্গীতে ছিনতাই করতে গিয়ে সাধারণ জনতার রোষানলে পড়ে মাইন উদ্দিন (৩২) নামে এক দুর্ধর্ষ ছিনতাইকারী তার হাতের কবজি হারিয়েছে।
বুধবার (৪ মার্চ) রাতে টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকায় এই ঘটনা ঘটে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেওয়ার একপর্যায়ে তার হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মাইন উদ্দিনসহ তিনজনের একটি ছিনতাইকারী দল সাতাইশ এলাকায় ওত পেতে ছিল। তারা এক পথচারীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে তার সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মারাত্মক আহত হওয়া সত্ত্বেও ওই পথচারী সাহসের পরিচয় দিয়ে মাইন উদ্দিনকে জাপটে ধরেন এবং চিৎকার শুরু করেন।
চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মাইন উদ্দিনকে ধরে ফেললেও তার বাকি দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
একপর্যায়ে উত্তেজিত জনতা মাইন উদ্দিনকে গণধোলাই দিতে শুরু করে। ক্ষোভের বশবর্তী হয়ে জনতা তার হাতের কবজি কেটে ফেলে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাইন উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে, ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত পথচারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, “জনতার হাতে আটক হওয়া ছিনতাইকারী বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
গ্রেপ্তারকৃত মাইন উদ্দিন টঙ্গীর এরশাদনগর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
Leave a Reply