রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা হ্রাস পাওয়ায় দীর্ঘ ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ সবকটি জলকপাট বন্ধের সিদ্ধান্ত কার্যকর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, গত চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে নিরবচ্ছিন্নভাবে পানি নিষ্কাশন করা হচ্ছিল, যার ফলে হ্রদের পানির উচ্চতা কমে আসে। বুধবার রাত ১১টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ২৬ ফুট মিন সি লেভেল (এমএসএল)। এ সময় কেন্দ্রটির পাঁচটি উৎপাদন ইউনিট থেকে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল।
এর আগে, গত ১৮ জুলাই সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৪ দশমিক ০৮ ফুট মিন সি লেভেলে পৌঁছে বিপৎসীমার কাছাকাছি চলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিলওয়ের ১৬টি জলকপাট একযোগে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। ওই সময় প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছিল। টানা পানি নিষ্কাশনের পর হ্রদের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় কর্তৃপক্ষ সব জলকপাট বন্ধের এ সিদ্ধান্ত নেয়।
Leave a Reply