বাংলাদেশের হস্তশিল্প খাতে উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট) একটি সমঝোতা স্মারক সাক্ষর করেছে।
আজ মঙ্গলবার. ২১ জুলাই ২০২৬, ব্র্যাক ইউনিভার্সিটিতে এই সমঝোতা স্মারক সই হয়।
এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন, গবেষণা, বাজার সম্প্রসারণ এবং রপ্তানি উন্নয়নে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।
এই উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণ, পরামর্শ, ব্যবসায়িক সহায়তা এবং বিনিয়োগকারী ও বাজারের সঙ্গে সংযোগ তৈরির সুযোগের মাধ্যমে কারুশিল্পী, নারী উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তাদের উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
সমঝোতা অনুযায়ী, ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্ট্রারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি) উদ্যোক্তা উন্নয়নে কারিগরি সহায়তা প্রদান করবে। পাশাপাশি প্রশিক্ষণ, পরামর্শ, ব্যবসা উন্নয়ন সেবা এবং যৌথ উদ্যোগে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করবে।
বাংলাক্রাফট হস্তশিল্প উদ্যোক্তা ও কারুশিল্পী গোষ্ঠীর সঙ্গে সংযোগ তৈরি, খাতভিত্তিক অভিজ্ঞতা ও শিল্পসংশ্লিষ্ট জ্ঞান প্রদান এবং যৌথ কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের সহযোগিতা করবে।
এই সহযোগিতার আওতায় ব্যবসা ব্যবস্থাপনা, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, আর্থিক ব্যবস্থাপনা এবং টেকসই উৎপাদন পদ্ধতি নিয়ে যৌথ প্রশিক্ষণ আয়োজন করা হবে। পাশাপাশি হস্তশিল্প খাতের উন্নয়ন, কারুশিল্পীদের জীবন-জীবিকা, বাজারের পরিস্থিতি এবং রপ্তানি সক্ষমতা নিয়ে যৌথ গবেষণা, পণ্য উন্নয়ন, উদ্যোক্তা বুটক্যাম্প, ব্যবসায়িক ফোরাম ও নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনা করা হবে।
পার্টনারশিপের ফলে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও মাঠপর্যায়ে কাজের সুযোগও তৈরি হবে, যা শিল্পখাত ও অ্যাকাডেমিয়ার মধ্যে সরাসরি সংযোগ আরও শক্তিশালী করবে।
এর একটি উল্লেখযোগ্য উদ্যোগ হবে ইন্টারন্যাশনাল ক্রাফটস শো বাংলাদেশ (আইসিএসবি) আয়োজন।
আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের হস্তশিল্প তুলে ধরা হবে। কারুশিল্পীদের সঙ্গে ক্রেতা, বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের সংযোগ তৈরি করা হবে। পাশাপাশি নারী উদ্যোক্তা ও কারুশিল্পী-নির্ভর উদ্যোগকে এগিয়ে নিতে এবং দেশের হস্তশিল্পের আন্তর্জাতিক পরিচিতি ও রপ্তানি সক্ষমতা বাড়াতে কাজ করবে।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম এবং বাংলাক্রাফটের সভাপতি মো. বেলাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্ট্রারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের হেড আফসানা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর মোহাম্মদ মুজিবুল হকসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২১-০৭-২০২৬ তারিখের সংবাদ বিজ্ঞপ্তিতে অফিস অফ কমিউনিকেশন্স এই তথ্য জানায়।
Leave a Reply