আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়ল
- আপডেট সময় : ০৯:১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। এর ফলে অপরিশোধিত তেলের দাম ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৯৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলারে দাঁড়িয়েছে। গত ৮ জুনের পর এটিই তেলের সর্বোচ্চ দাম।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলারের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক শূন্য ৭ ডলারে উঠেছিল।
একইভাবে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়েছে। বৃহস্পতিবার ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৪৪ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ২৭ ডলারে লেনদেন হয়েছে। এর আগে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
























