সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের বিতর্কিত বিয়ে, জালিয়াতি ও অনৈতিক কর্মকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা জুড়ে তীব্র ক্ষোভ ও সামাজিক আলোচনার ঝড় উঠেছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযুক্ত এমপির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজ ও সাংবাদিকরা। ইতোমধ্যে নৈতিক স্খলন ও দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে গাজী নজরুল ইসলামকে তার নিজ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম বলেন, তৃণমূলের রাজনীতি ও দলের সাথে যারা যুক্ত, তাদের জন্য এমন ঘটনা চরম ব্যর্থতা, কষ্ট ও হতাশার। যারা দীর্ঘদিন রাজপথে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নির্যাতন সহ্য করেছেন, তাদের এমন কর্মকাণ্ডে দল থেকে বহিষ্কৃত হতে দেখা অত্যন্ত দুঃখজনক। তবে দল যে কঠোর ও নীতিগত অবস্থান নিয়েছে, তা প্রশংসনীয় এবং দেশের সব রাজনৈতিক দলের জন্য এটি একটি মাইলফলক হয়ে থাকবে। জনপ্রতিনিধিদের মূল কাজ জনগণের সেবা করা, তার বিনিময়ে অনৈতিক সুবিধা বা স্বার্থ আশা করা কাম্য নয়। এই দৃষ্টান্তমূলক ব্যবস্থার কারণে ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতা এমন অপকর্ম করার সাহস পাবেন না।
জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, একজন বয়স্ক মানুষ হয়ে তিনি যেভাবে একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে এই কাজ করেছেন, তা পুরো সাতক্ষীরাবাসীর মান-সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই অঞ্চলের মানুষ আলেম-ওলামা ও ধর্মীয় নেতাদের প্রতি গভীর আস্থা রাখত। কিন্তু তাদের কাছ থেকে এমন আচরণ দেখা অত্যন্ত কষ্টদায়ক। তিনি আরও বলেন, একটি অপরাধ ঢাকতে গিয়ে কাবিননামা, বয়স ও স্বাক্ষর জালিয়াতি করে একের পর এক অপরাধ করা হয়েছে, যা দেশ-বিদেশের সবার কাছে এখন স্পষ্ট।
শ্যামনগরের সুন্দরবন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ জানান, গাজী নজরুল ইসলাম এই এলাকার তিনবারের সাবেক এমপি। তার মতো একজন মানুষ এমন ঘটনার সাথে যুক্ত থাকবেন, তা সাধারণ মানুষের কল্পনার বাইরে ছিল।
এদিকে, সাতক্ষীরা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আল মামুন নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘কত ত্যাগ, কত কুরবানি, কত কষ্ট, কত পেরেশানি! আহা, প্রিয় কাফেলায় কালি লাগিয়ে দিলেন।’ তার এই পোস্টের নিচে মন্তব্য করে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইমাদুল লিখেছেন, সত্যতা তুলে ধরার জন্য ধন্যবাদ এবং এই সমস্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।
স্থানীয় মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত বলেন, একজন সংসদ সদস্য রাষ্ট্র ও নীতি নির্ধারণী পর্যায়ের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তার মতো দায়িত্বশীল মানুষের বিরুদ্ধে যখন অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে, তখন তা নৈতিকতার চরম স্খলন নির্দেশ করে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে প্রচলিত রাষ্ট্রীয় আইন ও বিধি খতিয়ে দেখে সংশ্লিষ্ট দল, সরকার এবং সংসদীয় কমিটির প্রয়োজনীয় সিদ্ধান্ত ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা নীতি-নৈতিকতা ও ধর্মের কথা বলেন, তাদের কাছ থেকে এমন অসামাজিক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন জাতীয় সংসদ সদস্যের এমন অপকর্মের কারণে পুরো সাতক্ষীরা জেলার মুখ পুড়েছে।
Leave a Reply