গোপালগঞ্জে এজলাসে বিচারকের ছোড়া পেপারওয়েটে নারী আইনজীবীর মাথা ফাটল
- আপডেট সময় : ০৮:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ এজলাস চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া পেপারওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবী মারাত্মকভাবে আহত হয়েছেন। বুধবার আদালতে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। আহত আইনজীবীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদালত চলাকালীন সময়ে এজলাসের পেছনের বেঞ্চে কয়েকজন আইনজীবী কথা বলছিলেন। এসময় বিচারক মো. সুজন মিয়া আইনজীবীদের লক্ষ্য করে একটি কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন। এতে সাবিহা সুলতানার মাথায় আঘাত লাগলে তার মাথা ফেটে যায়।
বিচারকের এমন আচরণে স্থানীয় আইনজীবীরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান একে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিম ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন। এ বিষয়ে বক্তব্য জানার জন্য বিচারক মো. সুজন মিয়ার সঙ্গে মোবাইল ফোন ও হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

























