বিদায়ী নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
- আপডেট সময় : ০৬:৫৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা জোরদার, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক, সক্ষম ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে বিদায়ী নৌপ্রধানের দূরদর্শী নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তাঁর সফল কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন তিনি।
অন্যদিকে, দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সৌজন্য সাক্ষাৎ শেষে বিদায়ী নৌপ্রধানের সম্মানে আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ জুলাই ভাইস অ্যাডমিরাল হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছিলেন এম নাজমুল হাসান। আগামী ২৩ জুলাই নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন।

























