আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আগামী বছরের প্রথমদিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এই নির্বাচন হবে নিরপেক্ষ। জনপ্রতিনিধিদের জনগণের ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়ে আসতে হবে। স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হবে বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের ইচ্ছা করলেই বরখাস্ত করা উচিত নয়।
চেয়ারম্যান ও মেম্বারদের ভাতার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের সম্মানজনক অবস্থানে আনার চেষ্টা করা হবে। এ বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে জানিয়ে মন্ত্রী এই কার্যক্রমে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এছাড়া সরকারি ত্রাণ সঠিকভাবে বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
একই সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, অতীতের নিয়ম বদলে এখন থেকে ত্রাণের বরাদ্দ সেপ্টেম্বর মাসে দেওয়া হবে, যাতে বাকি চার মাস ত্রাণ বণ্টনের কাজ সম্পন্ন করা যায়।


























