পারেদেসের শাস্তির বিপক্ষে বার্সেলোনার গাভি, প্রশংসায় ভাসছে উদারতা
- আপডেট সময় : ০৭:৪২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে যে হাতাহাতি ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার রেশ এখনও কাটেনি। এই ঘটনায় বার্সেলোনা ও স্প্যানিশ মিডফিল্ডার গাভিকে ধাক্কা দেয়ার পর লিওয়ান্দ্রো পারেদেসকে নিয়ে ফুটবল বিশ্বে বড় ধরনের বিতর্ক শুরু হয়েছে। তবে নিজে আক্রান্ত হওয়ার পরও গাভি এবার এক চমকপ্রদ মন্তব্য নিয়ে হাজির হয়েছেন। ১৯ বছর বয়সী এই তারকা স্পষ্ট জানিয়েছেন, তিনি পারেদেসের কোনো প্রকার শাস্তি বা নিষেধাজ্ঞা চান না।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পারতিদাজো দে কোপে’-কে দেয়া সাক্ষাৎকারে গাভি বলেন, ‘সত্যি বলতে, আমি মোটেও মনে করি না যে পারেদেসকে নিষিদ্ধ করা উচিত। আমি বুঝি, এটি শিশুদের সামনে খুব একটা ভালো কিছু উপস্থাপন করে না। তবে ফুটবলের একটি শারীরিক ও আগ্রাসী দিকও রয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘স্বাভাবিক নিয়ম অনুযায়ী ম্যাচের মধ্যেই ওকে লাল কার্ড দেখানো উচিত ছিল, আর বিষয়টি সেখানেই শেষ হওয়া উচিত ছিল। দিনশেষে, এটা ফুটবল এবং আমার মনে হয় এই বিষয়গুলোকে মাঠের ফুটবল হিসেবেই দেখা উচিত।’
উল্লেখ্য, ম্যাচের শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার বোকা জুনিয়র্স মিডফিল্ডার পারেদেস প্রথমে এরিক গার্সিয়ার সঙ্গে তর্কে জড়ান। সে সময় গাভি পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে পারেদেস তাকে জোরালো ধাক্কা দিয়ে ফেলে দেন। ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি পর্যালোচনা করে ফিফা বেশ কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে। ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী, প্রতিপক্ষকে আঘাত বা সহিংস আচরণের জন্য কমপক্ষে তিন ম্যাচের নিষেধাজ্ঞার বিধান রয়েছে। এছাড়া, স্প্যানিশ অধিনায়ক রদ্রিকে ঘুষি মারার অভিযোগে নাহুয়েল মোলিনা এবং সেমিফাইনালে রাজনৈতিক ব্যানার প্রদর্শনের জন্যও আর্জেন্টাইন দল বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে। তবে নিজে আক্রান্ত হয়েও গাভির এমন উদার মন্তব্য ফুটবল বিশ্বে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























