পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের সুইজগেট এলাকায় ভাড়া বাসা থেকে ওবায়দুল রহমান সুমন (৩০) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওবায়দুল বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ময়েন প্রামাণিকের ছেলে। জীবিকার প্রয়োজনে তিনি গত পাঁচ বছর ধরে মঠবাড়িয়ায় বসবাস করছিলেন এবং সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওবায়দুল পেশাগত কাজে অভাব ও আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। স্থানীয়দের ধারণা, অভাবের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।
নিহতের স্ত্রী সখি বেগম জানান, তার স্বামী রাজমিস্ত্রির কাজ করে কিছু টাকা জমিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েন এবং বিপুল পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েন। সেই ঋণের চাপ ও মানসিক হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হিলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply