স্থানীয় সরকারের প্রথম ধাপের নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আগস্ট মাসে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।
বুধবার (২২ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কাজ করছে কমিশন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবকিছু ঠিক থাকলে অক্টোবরেই প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু করা সম্ভব হবে।
নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচন কয়টি ধাপে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে কম সময়ের মধ্যে বেশি নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কমিশন কাজ করছে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ, পৌরসভা নাকি উপজেলা নির্বাচন হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে নির্বাচনের সময়সূচী ও ধাপ নির্ধারণ করা হবে।
নির্বাচন ব্যবস্থাপনার সুবিধার্থে কোনো প্রতিষ্ঠানের নির্বাচন শুরু হলে তা ধারাবাহিকভাবে শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। এছাড়া, কোনো আইনি বাধ্যবাধকতা বা আদালতের নির্দেশনা থাকলে সেটিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ বা প্রবাসী ভোটারদের অংশগ্রহণের বিষয়ে জানতে চাওয়া হলে আনোয়ারুল ইসলাম সরকার জানান, এ দুটি বিষয়ে এখনো কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি।
নির্বাচনে সহিংসতার মাত্রা কমিয়ে আনতে কমিশনের সর্বাত্মক প্রস্তুতি থাকবে বলে তিনি জানান। তিনি আশা প্রকাশ করেন, গত নির্বাচন থেকে শুরু হওয়া রাজনৈতিক সংস্কৃতি বজায় থাকবে এবং এটি নিশ্চিত করতে কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
নির্বাচনের আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, আচরণবিধি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অল্প সময়ের মধ্যেই এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি আরও বলেন, বিদ্যমান আইন নির্বাচন পরিচালনার জন্য যথেষ্ট শক্তিশালী। তবে পর্যবেক্ষণের ভিত্তিতে আইন সংশোধনের প্রয়োজন হলে তা করা হবে, অন্যথায় বর্তমান আইন অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
Leave a Reply