রাজবাড়ীতে এলপিজি গ্যাস সিলিন্ডারের অবৈধ ক্রস ফিলিং ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর বাজারে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে গ্যাস বিক্রির সত্যতা পাওয়া যায়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কার সিদ্দিক। এ সময় আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ফরিদপুর থেকে গ্যাস এনে বিভিন্ন নামী কোম্পানির সিলিন্ডারে অবৈধভাবে ক্রস ফিলিং করে আসছিলেন। এই প্রক্রিয়ায় ভোক্তারা নির্ধারিত ওজনের গ্যাস থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হচ্ছিলেন, যা বিভিন্ন ব্র্যান্ডের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছিল।
ওমেরা এলপিজি গ্যাসের ডিস্ট্রিবিউটর স্বপ্তবর্ণা ট্রেডার্সের মালিক রণজিৎ সরকার জানান, ক্রস ফিলিং একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, যা ভোক্তাদের ওজনে প্রতারিত করার পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তিনি ভোক্তাদের অনুমোদিত ডিস্ট্রিবিউটর বা রিটেইলারদের কাছ থেকে গ্যাস কেনার পরামর্শ দেন এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
অভিযান চলাকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে রিটেইলারদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে এলপিজি গ্যাস বিক্রি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে সাধারণ ক্রেতাদের সিলিন্ডার কেনার সময় কোম্পানির সিল, ওজন ও পরিচিতি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply