রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাড়ইল এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইনসহ ইকবাল হাসান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ইকবালের বাড়ি রাজশাহীর পুঠিয়া পৌরসভার রামজীবনপুর মহল্লায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে ইকবালের কাছে থাকা একটি স্কুলব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো ১০০ গ্রাম ওজনের ১৫টি প্যাকেটে মোট দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জে এক অচেনা ব্যক্তি তাকে এই চালানটি তুলে দেন। হোয়াটঅ্যাপের মাধ্যমে যোগাযোগের ভিত্তিতে চালানটি রাজশাহীতে নিয়ে যাওয়ার কথা ছিল, যেখানে অন্য একজন এটি গ্রহণ করার কথা ছিল। তবে বাহক ও গ্রহণকারী একে অপরকে চিনতেন না। উপপরিচালক মেহেদী হাসান একে 'কাট-আউট' পদ্ধতি হিসেবে উল্লেখ করে জানান, এই কৌশলে মূল হোতা বা নেটওয়ার্ককে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
ইকবালকে গ্রেপ্তারের পর রাত ২টা পর্যন্ত অনুসন্ধান চালানো হলেও চালানটি গ্রহণ করতে আসা ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, অর্থের বিনিময়ে হেরোইন বহনের কাজ করছিলেন ইকবাল। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরই করবে এবং রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১৫: ৫৪আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৬: ১১
Leave a Reply