নাটোরের লালপুর উপজেলায় ঘণ্টাব্যাপী ভাঙচুর ও লুটপাটের অভিযোগ । শুক্রবার (২৬ জুন) ভোর রাতে উপজেলার জোতদৈবকি এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ অনুযায়ী, ব্রিকফিল্ড ব্যবসায়ী ও বিএনপি কর্মী আব্দুল হালিমের বাড়িতে ভোর প্রায় ৪টার দিকে হামলা চালানো হয়। হামলায় নেতৃত্ব দেন দক্ষিণ লালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে সাকলাইন। তার সঙ্গে লোকমানের ছেলে মোহনসহ ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি অংশ নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুল হালিম জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় নগদ ৩২ লাখ টাকা, প্রায় ১১ ভরি স্বর্ণালংকারসহ মোট প্রায় ৫৭ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেন তিনি। হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে ভাড়াটে সন্ত্রাসী এনে এ ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেছেন, থানা থেকে আমার বাসা প্রায় এক কিলোমিটার এর মধ্যে অথচ আমরা বার বার লালপুর থানাতে ও ৯৯৯ ফোনে দিলে এক ঘন্টা ধরে আমার বাড়ি ভাঙচুর ও লুটপাট করার পড়ে। আমার পরিবার স্ত্রী ও এক ছেলে এক মেয়ে সন্তানকে উদ্ধার করে পুলিশ।
হালিমের স্ত্রী মোছা. মুন্নি বেগম অভিযোগ করেন, হামলার সময় সাকলাইন তাদের মেয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে তারা ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে ছিলেন বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল বলে স্থানীয়দের একটি অংশ জানিয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত সাকলাইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply