নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছাতারভাগ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ করে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এতে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
ব্রহ্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রাকিব অভিযোগ করে বলেন, “সন্ধ্যায় আরিফুল ইসলাম বাচ্চু, মোকলেসুর রহমান ও কাসেমসহ আরও কয়েকজন ব্যক্তি বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য। এরাই এই হামলার সঙ্গে সরাসরি জড়িত।”
তিনি আরও বলেন, “তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এসে অফিসে ভাঙচুর চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”
তবে অভিযুক্তদের কাউকে পাওয়া না যাওয়ায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Leave a Reply