ভোরে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা–নরসিংদী। উৎপত্তি শিবপুরে, মাত্রা ৪.১। সাত সকালে রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চল আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ৬টার দিকে অনুভূত হওয়া এই কম্পন আতঙ্ক সৃষ্টি করলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১, যা একটি হালকা কম্পন হিসেবে বিবেচিত। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর অঞ্চল।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের তথ্য অনুযায়ী বলছে—ভূমিকম্পের গভীরতা: ২৭–৩০ কিলোমিটার,কেন্দ্রস্থল: টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর–উত্তরপূর্বে এবং নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে, মাত্রা: ৪.১।
ভোরের এই কম্পনে ঢাকা, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতা জানিয়েছেন। অনেকে জানান, প্রচণ্ড ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় এবং ঘর–বাড়ি দুলতে থাকে।
এর আগে ২১ নভেম্বর প্রবল ভূমিকম্পসহ গত কয়েক সপ্তাহে বেশ কয়েক দফা ছোট–বড় কম্পন অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, একই অঞ্চলে ধারাবাহিক কম্পন বড় ভূমিকম্পের সম্ভাবনার ইঙ্গিতও হতে পারে। এ কারণে তারা ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার, জরুরি প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ হুমায়ূন আখতার বলেন, এ ধরনের নিয়মিত মহড়া করতে বিশেষ ব্যয়ের প্রয়োজন নেই; বরং স্কুল–কলেজ থেকে শুরু করে অফিস–আদালত পর্যন্ত সর্বত্র এটি বাধ্যতামূলক করা উচিত।
ঢাকায় সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্প জনমনে উদ্বেগ বাড়ালেও প্রস্তুতি, সচেতনতা ও বিজ্ঞানভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়েই ঝুঁকি মোকাবিলা সম্ভব। জাপানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য একটি বাস্তবমুখী শিক্ষা হয়ে উঠতে পারে।
Leave a Reply