সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ভাঙচুর করা হয় ৬-৭টি মোটরসাইকেল। এলাকাজুড়ে সৃষ্টি হয় চরম আতঙ্ক। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জামগড়ার দি রোজ ড্রেসেস লিমিটেড কারখানার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, আশুলিয়া থানা তাঁতি দলের সহসভাপতি বকুল ভুঁইয়া এবং ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রনির অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে টানাপড়েন চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এ সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে যায় নিয়ন্ত্রণ।
জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের আগে দি রোজ ড্রেসেস লিমিটেড কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন স্থানীয় যুবলীগ নেতা কবির হোসেন সরকার। পরবর্তীতে সেই নিয়ন্ত্রণ চলে যায় ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রনির হাতে।
জাতীয় নির্বাচনের পর এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্ব নতুন করে তীব্র আকার ধারণ করে।
এ বিষয়ে অভিযোগ করে মোস্তাফিজুর রহমান রনি জানান, বৈধ চুক্তি থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাকে ঝুট উত্তোলনে বাধা দেওয়া হচ্ছিল।
বৃহস্পতিবার আলোচনার জন্য কারখানায় গেলে তার ওপর হামলা চালানো হয়, মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে বলে দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রনি।
এ বিষয়ে বকুল ভুঁইয়ার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
Leave a Reply