কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ চায়না দুয়ারি ও ম্যাজিক জালের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান চালিয়ে ৫০টির বেশি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৫০০ মিটার।
বুধবার (২২ জুলাই) উপজেলা মৎস্য অফিসের ব্যবস্থাপনায় এবং ভূরুঙ্গামারী থানা-পুলিশের সহযোগিতায় দুধকুমার নদের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম।
এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং মৎস্য বিভাগের কর্মকর্তারা।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি ও ম্যাজিক জাল ব্যবহারের ফলে ছোট-বড় সব ধরনের মাছ ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। মৎস্য বিভাগের অভিযানে পুলিশ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম জানান, মৎস্য সম্পদ সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
Leave a Reply