কাউনিয়া উপজেলার হরিশ্বর এলাকায় মিষ্টি আলু চুরি সন্দেহকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, বাড়ী ঘর ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহ আলম কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ বিকেল সাড়ে চারটার দিকে প্রতিবেশী আমিনুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি মিষ্টি আলু চুরি করার সন্দেহ করে লাঠিসোঁটা, লোহার রড ও হাতুড়ি নিয়ে শাহ আলমের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরের বেড়া, দরজা ও স্টিলের বাক্স ভাঙচুর করে।
এছাড়া স্টিলের বাক্সে রাখা এনজিও থেকে নেওয়া ঋণের ৫০ হাজার টাকা এবং গরু বিক্রির ৯৮ হাজার টাকাসহ মোট এক লাখ ৪৮ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
হামলার সময় শাহ আলম ও তার স্ত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), আনোয়ার হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply