দীর্ঘদিনের মানবেতর জীবনযাপন শেষে আশ্রয় পেলেন কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ গ্রামের অসহায় দম্পতি তপন চন্দ্র বর্মন (৪৮) ও তার স্ত্রী সিন্ধু রানী (৩৮)। অভাব-অনটনের সংসার বাঁচাতে প্রায় ১০ বছর আগে ভিটেমাটি বিক্রি করে স্ত্রী ও এক পুত্র সন্তান নিয়ে ঢাকায় পাড়ি জমান তপন চন্দ্র বর্মন।
ঢাকার সাভার থানার ধামসোনা এলাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন তিনি। এরই মধ্যে হঠাৎ করে তার স্ত্রী সিন্ধু রানী স্ট্রোক করে প্যারালাইসিসে আক্রান্ত হন।
চলাফেরার সক্ষমতা হারিয়ে সম্পূর্ণভাবে স্বামীর ওপর নির্ভরশীল হয়ে পড়েন তিনি।স্ত্রীর অসুস্থতার কারণে চাকরি ছেড়ে প্রায় এক মাস আগে কাউনিয়ায় নিজ গ্রামে ফিরে আসেন তপন চন্দ্র বর্মন। ভাইয়ের বাড়িতে আশ্রয় নিলেও পর্যাপ্ত ঘর না থাকায় এবং অসুস্থ স্ত্রীর কারণে একপর্যায়ে তাদের সেখান থেকে বের করে দেওয়া হয়।
পরে তারা অন্যের জমিতে খড় বিছিয়ে পলিথিন টাঙিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন শুরু করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা উদ্যোগ নেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি নতুন করে একটি টিনের ঘর নির্মাণ করে অসহায় দম্পতিকে সেখানে তুলে দেন। পাশাপাশি আরিফা ফুড প্রডাক্টস, সোহা ট্রেডার্স ও স্থানীয় মানুষের সহযোগিতায় আংশিক দামে কেনা দুই শতক জমির ওপর ভবিষ্যতে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমানসহ সংশ্লিষ্টরা। নতুন ঘর পেয়ে তপন চন্দ্র বর্মন ইউএনওকে ধন্যবাদ জানান এবং সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউএনওর এ মানবিক উদ্যোগে সর্বমহলে প্রশংসা ছড়িয়ে পড়েছে।
Leave a Reply