কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের শাসনের পর অভিমানে নিপা রাণী রায় (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার (২১ জুন) দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ছলিম বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিপা রাণী রায় ওই এলাকার শ্রী নির্মল রায়ের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অজান্তে নিপা রাণী একটি স্মার্টফোন ব্যবহার করত। বিষয়টি জানতে পেরে রোববার সকালে তার মা তাকে মোবাইল ফোন ব্যবহার না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন এবং বকাঝকা করেন। এতে অভিমান করে দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।
পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পড়াশোনা ও মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের শাসনের কারণে অভিমানে ওই কিশোরী আত্মহত্যা করেছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply