চাঁদার দাবিতে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রে একটি দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় দোকানের ক্যাশবাক্স থেকে ২২ হাজার টাকা লুটেরও অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা পর্যটনকেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুপুরে কুয়াকাটার ‘তানিসা আচার ঘর’ নামের দোকানের মালিক মনিরুল হাওলাদার মহিপুর থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগে কুয়াকাটার হুইসেন পাড়া মহল্লার মাকসুদ আকন, শাহীন মুসল্লী, আবদুর রহিমসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয় জনকে অভিযুক্ত করা হয়েছে। তারা কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়।
মনিরুল হাওলাদার বলেন,‘চাঁদার দাবিতে লাঠিসোঁটা নিয়ে এসে হঠাৎ দোকানে ঢুকে ভাঙচুর চালান স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থকরা। এ সময় দোকানের কর্মচারী হাসানকে পেটানো হয়। একপর্যায়ে মাকসুদ আকন দোকানের ভেতরে ঢুকে গালাগাল করেন। পরে দোকানের ক্যাশবাক্স থেকে ২২ হাজার টাকা ছিনিয়ে নেন। খবর পেয়ে পুলিশ এলে তারা পালিয়ে যায়।’
এ বিষয়ে অভিযুক্ত মাকসুদ আকনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন,‘অভিযুক্তরা স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থক হলেও দলে তাদের কোনও পদ-পদবি নেই। দোকানের মালিকানা নিয়ে বিরোধ থাকতে পারে, তবে হামলা-ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখে দলের শীর্ষ নেতাদের জানানো হবে। কোনও অপরাধীকে প্রশ্রয় দেওয়া হবে না।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, তবে তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁদার দাবিতে কুয়াকাটার পর্যটন এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনায় ভিডিও ভাইরাল হওয়ায় প্রশাসন ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। তথ্য সুত্র ও ছবি
Leave a Reply