দিনাজপুরের বিরলে রঘুপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা, লাঞ্ছনা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
মঙ্গলবার বিকেলে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিরল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর জামান মিলন।
সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলা সভাপতি কাজী আব্দুর রহিম, জেলা শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী সমিতির সভাপতি ইসাহাক আলী, সাধারণ সম্পাদক রশিদ, শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি আজিজার রহমান, বোচাগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মাজেদুর রহমান পাপ্পু, মাদ্রাসা শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি জামিলুর রহমান ও সাধারণ সম্পাদক মুনছেফ আলীসহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, গত ৩ সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে সভাপতি ও শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও শিক্ষাঙ্গনের জন্য কলঙ্কজনক অধ্যায়। তারা দ্রুত হামলার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া না হলে শিক্ষক সমাজের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
পরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ বিভিন্ন দাবি সংবলিত একটি স্মারকলিপি বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলামের কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের রঘুপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি সুলতান চৌধুরীর আগমন ও বরণ অনুষ্ঠান চলাকালে হামলার ঘটনা ঘটে। এতে নতুন সভাপতি সুলতান চৌধুরী গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিন উদ্দীন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ আরও ৩০-৪০ জন অজ্ঞাতনামাকে আসামি করে বিরল থানায় মামলা দায়ের করেন। মামলাটি মামলা নং-০২, তারিখ: ০৪/০৯/২০২৬ খ্রিস্টাব্দ।
Leave a Reply