নারী এশিয়া কাপের সেমিফাইনালের লড়াইয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়েছে টাইগ্রেসরা। এই জয়ের ফলে আগামী ১০ সেপ্টেম্বর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে ১১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে পাকিস্তান এবং ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই দিলারা আক্তার সাজঘরে ফেরেন। এরপর সোবহানা মোস্তারী দ্রুত আউট হলে পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ২১ রান। দলের হাল ধরার চেষ্টা করেন জুয়াইরিয়া ফেরদৌস (১৬) ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (২৩)। তবে ৫২ রানে চতুর্থ উইকেট পতনের পর বাংলাদেশ বড় বিপদে পড়ে। মাত্র দুই বলের ব্যবধানে স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন গোল্ডেন ডাক নিয়ে ফিরলে ৫৫ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল দলটি।
এমন বিপর্যয়ের মুখে শারমিন আক্তার দলের হাল ধরেন। শেষ দিকে নাহিদা আক্তারকে সঙ্গে নিয়ে তিনি পাল্টা লড়াই শুরু করেন। শারমিন ৩১ বলে ৩৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যেখানে তিনটি চারের মার ছিল। নাহিদা ২৬ বলে ১৬ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আমিরাতের বোলার সুরক্ষা কোট্টে ৩টি উইকেট শিকার করেন।
১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিক আরব আমিরাত। মারুফা আক্তারের আঘাতে শুরুতেই চাপে পড়ে তারা এবং নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। রাবেয়া খান দুর্দান্ত বোলিং করে ৩টি উইকেট নেন।
এছাড়া মারুফা ও নাহিদা ২টি করে এবং সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন একটি করে উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৯ রানেই থেমে যায় আমিরাতের ইনিংস। ব্যাটিং ও বোলিংয়ের সম্মিলিত দাপটে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
Leave a Reply