বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. খলিলুর রহমান। অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বক্তব্য রাখেন।
এর আগে গত ২ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা ড. খলিলুর রহমানকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। সেই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন।
১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী ইউএনজিএর ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক পদে আসীন হলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শপথ গ্রহণের পর ড. খলিলুর রহমান আজ রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি মিটিং পরিচালনা করবেন। এর আগে তিনি একটি মিডিয়া ব্রিফিংয়েও অংশ নেন।
অধিবেশনের পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এই পর্বে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা তাদের বক্তব্য উপস্থাপন করবেন।
Leave a Reply