খুলনা মহানগরীর বাগমারা এলাকায় বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী ব্যবসায়ী আশিকুর রহমান ৮৪, শের-এ-বাংলা রোড হাজী বাড়ির মোড়ের সিদ্দিকুর রহমানের ছেলে। গুলির ঘটনাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে গেছেন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে বাগমারা মেইন রোডে অবস্থিত ‘মা মোটরস’-এর মালিক তরিকুল ইসলাম অনিকের দোকানে বসে কথা বলছিলেন আশিকুর রহমান। এ সময় দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, হামলাকারীরা খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য। এর আগেও তারা আশিকের কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা আদায় করেছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে গুলির ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে খুলনায় একের পর এক হামলা ও গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply