কুড়িগ্রামের রৌমারীতে ব্যাংকে জাল টাকা জমা দেওয়ার সময় রেজাউল করিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার রৌমারী সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মো. আয়নাল হক।
আটক রেজাউল করিম উপজেলার যাদুরচর ইউনিয়নের চুলিয়ারচর গ্রামের শাহ আলমের ছেলে।
ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রেজাউল করিম টাঙ্গাইলের মির্জাপুর সোনালী ব্যাংক শাখা বরাবর ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দেওয়ার জন্য একটি ভাউচারসহ নগদ অর্থ রৌমারী সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারে জমা দেন।
পরে টাকা গণনার সময় ব্যাংক কর্মকর্তারা ৩৬ হাজার টাকার জালনোট শনাক্ত করেন। এর মধ্যে ১ হাজার টাকার ২৬টি এবং ৫০০ টাকার ২০টি জালনোট পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর জাল টাকাগুলো জব্দ করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয় এবং আইনগত ব্যবস্থার জন্য রৌমারী থানায় সোপর্দ করা হয়।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) পরিতোষ জানান, জাল টাকা জমা দেওয়ার সময় একজনকে আটক করে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে জাল টাকাগুলো জব্দ করে রেজাউল করিমকে থানা হেফাজতে নেওয়া হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, জাল টাকাসহ এক ব্যক্তিকে থানায় সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply