রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ছাত্রাবাসে সমকামিতায় লিপ্ত থাকার অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। একই ঘটনায় এক বহিরাগতসহ মোট পাঁচজনকে পুলিশে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ইতোমধ্যে তারা কারাভোগ শেষ করেছেন বলে জানা গেছে।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— আহসানুল ইসলাম চৌধুরী, মহিবুর রহমান নয়ন, রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি এবং শাহরিয়ার পলক।
কলেজ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাতে কলেজ ক্যাম্পাসের মসজিদ সংলগ্ন গলি থেকে শাহরিয়ার পলককে এক বহিরাগতের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি ক্যাম্পাসে থাকা আরও কয়েকজনের নাম প্রকাশ করেন। পরবর্তীতে আরিয়ান রাব্বি, নয়ন ও আহসানুল ইসলামকেও আটক করে কলেজ কর্তৃপক্ষ।
পরে তাদেরকে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই দিন (২৩ এপ্রিল) জরুরি একাডেমিক কাউন্সিল সভায় অভিযুক্তদের ছাত্রাবাসের সিট সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
২৩ এপ্রিল হোস্টেল সুপার ও আবাসিক চিকিৎসক ডা. মো. মকছেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “ছাত্রদের সমকামিতায় আসক্তির সন্দেহে কাফরুল থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ছাত্রাবাসের সিট বরাদ্দ সাময়িকভাবে বাতিল করা হলো।”
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষক দাবি করেন, আটক শিক্ষার্থীদের মোবাইল ফোন ঘেঁটে একাধিক সমকামী গ্রুপের তথ্য পাওয়া গেছে। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ৪০টির মতো অনলাইন গ্রুপের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল এবং তারা হোস্টেলের অন্যান্য শিক্ষার্থীদেরও এসব কর্মকাণ্ডে জড়াতে উৎসাহ দিতেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া অভিযুক্তদের একজন এইডসে আক্রান্ত বলেও দাবি করেন ওই শিক্ষক। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট এক শিক্ষার্থী পূর্বে অন্য একটি বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কৃত হয়ে এ প্রতিষ্ঠানে ভর্তি হন। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কলেজ প্রশাসন।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে জরুরি একাডেমিক কাউন্সিল সভায় তাদের আবাসিক সিট বাতিল করা হয়েছে। তবে তাদের ছাত্রত্ব বহাল থাকবে।”
Leave a Reply