ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার জামতলা মোড় এলাকায় বলরাম চন্দ্র সাহার গোডাউনে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুনতাসির মামুন মুনর নেতৃত্বে এবং উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী বাড়ির পেছনের পথ দিয়ে পালিয়ে যান। পরে তার গোডাউন থেকে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়।
পুলিশের দাবি, জব্দ করা চালগুলো উপজেলার পাথরডুবি ইউনিয়নর বাঁশজানি সীমান্ত ও ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। জব্দকৃত চালের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।
পুলিশ আরও জানায়, অভিযুক্ত বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মুনতাসির মামুন মুন বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ কাজ করছে। ভূরুঙ্গামারীকে মাদক ও চোরাচালানমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
Leave a Reply