এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে থমকে গেছে শিক্ষা ব্যবস্থা।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি বড় অংশ নির্ভর করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর। দেশের অধিকাংশ শিক্ষার্থী এই প্রতিষ্ঠানগুলোতেই পড়াশোনা করে। কিন্তু সাম্প্রতিক সময়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের কারণে এসব প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে পড়েছে। ফলে সারাদেশে শিক্ষা কার্যক্রম কার্যত স্থবির হয়ে গেছে।
শিক্ষকরা বহুদিন ধরে তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরছেন, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ইনক্রিমেন্টসহ সরকারি শিক্ষকদের মতো সুবিধা প্রাপ্তি তাদের প্রধান দাবি। কিন্তু দীর্ঘদিনের অবহেলা, প্রতিশ্রুতি ভঙ্গ ও অনিশ্চয়তার কারণে তারা আবারও রাজপথে নেমেছেন।
এ অবস্থায় শিক্ষা কার্যক্রমের ক্ষতি যেমন অপূরণীয়, তেমনি শিক্ষক সমাজের হতাশাও গভীরতর হচ্ছে। রাষ্ট্রের দায়িত্বশীল মহলকে মনে রাখতে হবে, শিক্ষকদের দাবির সঙ্গে দেশের ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য জড়িয়ে আছে। শিক্ষক বঞ্চিত থাকলে শিক্ষার্থীরা অনুপ্রেরণা হারায়, আর শিক্ষা ব্যবস্থা হারায় স্থিতি ও গুণগত মান। তাই এখনই সময়, সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান খোঁজা।
শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, আর শিক্ষক সেই মেরুদণ্ডের প্রধান ভিত্তি। এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবিগুলো পূরণ করা শুধু দায়িত্ব নয়, এটি জাতির প্রতি বিনিয়োগ। দীর্ঘসূত্রিতা বা অবহেলা কেবল শিক্ষা ব্যবস্থাকে নয়, পুরো সমাজকেই অচল করে দেবে।
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত জরুরি ভিত্তিতে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের অবসান ঘটানো। কারণ শিক্ষা কার্যক্রম বন্ধ মানে জাতির অগ্রযাত্রায় বিরতি টানা। শিক্ষককে সম্মান না দিলে শিক্ষা টেকে না, আর শিক্ষা না টিকলে জাতিও টিকে না।
Leave a Reply