ডোমারের উপর দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী নদ-নদীর কেন্দ্রস্থল।
নীলফামারীর ডোমার উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া নদ নদীর মধ্যে উল্লেখযোগ্য কিছু নদীর উৎপত্তিস্থলের কিছু তথ্য নিম্নে তুলে ধরা হলো, এইসব নদী গুলোর মধ্যে রয়েছে শালকি, চেকাডেরা, পাংশা, দেওনাই, কলমদার, ডারা, সুই এবং বুড়িতিস্তা উল্লেখযোগ্য।
শালকি নদীর উৎপত্তিস্থল হলো করতোয়া নদী থেকে। চেকাডারা নদীর উৎপত্তিস্থল উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের নীচু জমি থেকে। এর পাশাপাশি পাংশা, ডারা, সুই এবং বুড়ি তিস্তা নদীর উৎপত্তি হয়েছে ভারতের জলপাইগুড়ির বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে এই নদীর ধারাগুলো প্রবাহিত।
এদিকে উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন, ২নং কেতকীবাড়ী ইউনিয়ন এবং ৩নং গোমনাতি, ইউনিয়নের সীমান্তে দিয়ে নদী গুলোর ধারা নেমে এসেছে।
এছাড়াও নদীগুলো ডোমার, ডিমলা এবং জলঢাকা উপজেলার ভিতর দিয়ে নীলফামারী সদর উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে।
পাংশা নদী উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়ন হয়ে ৩নং গোমনাতি ইউনিয়নের আমবাড়ীর নদীতে মিলিত হয়েছে। এবং ডারা নদী উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ীর নদীতে মিলিত হয়ে ৫নং বামুনিয়া ইউনিয়ন হয়ে ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের ভিতর দিয়ে ডোমার সদর ইউনিয়নের ছোটরাউতা ও বোড়াগাড়ী ইউনিয়নের সীমানা হয়ে চাকধাপাড়ার উত্তরে ডোমার কেন্দ্রীয় মহাশ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে মিলিত হয়েছে।
এছাড়াও ডোমার কেন্দ্রীয় মহাশ্মশান নদীর পাশ দিয়ে গড়ে উঠেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেঞ্জ ও বন বিভাগের কার্যালয়, ডোমার ফরেস্ট, উত্তরে রয়েছে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের পাক হানাদার বাহিনীর বর্বরতার স্বাক্ষী ও ইতিহাস বহনকারী বধ্যভূমি, আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র এবং কেন্দ্রীয় মহাশ্মশানের কোল ঘেঁষে দোমুখা গঙ্গামাতা বিষ্মু মন্দির ঘাটে মিলিত হয়ে দেওনাই নদী নামে নামকরন হয়েছে।
৮নং ডোমার সদর ইউনিয়ন এবং ১০নং হরিণচড়া ইউনিয়নের পূর্বদিক দিয়ে দক্ষিণে জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে ভাগ হয়ে চড়ালকাটা নামকরণের মধ্যে দিয়ে কিশোরগঞ্জের দিকে এবং কলমদার নদী বুড়িখোড়া নাম করনের মাধ্যমে রামগঞ্জের বুড়িখোড়া নদীতে মিলিত হয়। এরপর ও দক্ষিণে যমুনেশ্বরী নামকরণের মধ্য দিয়ে রংপুর এবং তারাগঞ্জের দিকে প্রবাহিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নীলফামারীর তথ্য মতে ঐতিহ্যবাহী দেওনাই নদী স্থানভেদে চরাল কাটা ও যমুনেশ্বরী নামকরণের মাধ্যমে ডোমার উপজেলার মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে আবার গবেষকদের মতে এই দেওনাই নদী স্থানভেদে চড়াল কাটা, যমুনেশ্বরীর পাশাপাশি করতোয়া নামেও একসময় পরিচিত ছিলো।
দেওনাই নদী এক সময় যমুনার গতিপথের ন্যায় একই গতিতে সমান্তরালভাবে প্রবাহিত হতো। এই নদী পথে নীলকরেরা নীলফামারী থেকে বিভিন্ন পথে যাতায়াত করতো। এরই অংশ হিসাবে বৃটিশ শাসনামলে ডোমার উপজেলার ঐতিহ্যবাহী বোড়াগাড়ী হাট অত্র অঞ্চলের প্রধানতম বানিজ্যিক কেন্দ্র হিসাবে সুপরিচিত ছিলো।
নদীপথের সহজ যোগাযোগকে কেন্দ্র করে দেওনাই নদী সংলগ্ন এলাকায় গড়ে উঠেছিল বোড়াগাড়ী হাট। সেই হাটে বিভিন্ন জেলা এবং উপজেলার পাশাপাশি দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে সওদা করতে আসত। ব্যবসায়ীদের মনোরঞ্জনের জন্য গড়ে উঠেছিল নিষিদ্ধ পল্লী পতিতালয় যা আমাদের আঞ্চলিক ভাষায় যাকে বেশ্যাখানা নামে পরিচিত ছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এলাকাবাসীর প্রতিরোধের মুখে যার বিলুপ্তি ঘটেছে।
১৮৮৭ সাল এবং তারও পরবর্তী সময় ভূকম্পন ও বন্যায় নদীগুলো তাদের নাব্যতা হারিয়ে ফেলে। এর ফলে আশির দশকের দিকে দেওনাই নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এবং পানি সংরক্ষণের মধ্য দিয়ে
এলাকার সাধারণ মানুষের কৃষিকাজের উন্নয়ন ও মাছ চাষের অভয়ারণ্য তৈরির অংশ হিসাবে বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর উদ্যোগে বোড়াগাড়ী হাটে যাতায়াত বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের চলাচলের সুবিধার জন্য সুইচ গেট নির্মান করা হয়।
তবে তৎকালীন সময়ে প্রকল্পটির দায়িত্বরত প্রকৌশলীগণের সঠিক নক্সা ও পরিকল্পনার অভাবে ঠিকাদার কর্তৃক সুইচ গেট তৈরির সমাপনী পর্যায়ে আকস্মিক বন্যায় তা ভেস্তে যায় এবং যার স্থাপনাগুলো আজও দৃশ্যমান হয়ে রয়েছে।
এছাড়াও ডোমার সদর ইউনিয়ন এবং ডোমার পৌরসভার ছোটরাউতা এলাকায় দোমুখা গঙ্গামাতা বিষ্মু মন্দির সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের ঘাট ছিল। এই সেচ প্রকল্পের মাধ্যমে ডোমার ইউনিয়নের ছোটরাউতা ডাংগাপাড়া ও হরিণচড়া ইউনিয়নে উচু অনুর্বর কৃষি জমিকে চাষাবাদের আওতায় আনতে পাকা ক্যানেল বা ড্রেন নির্মানের মাধ্যমে সেচকাজ পরিচালিত হতো।
পরবর্তীতে বিদ্যুৎ সুবিধার ফলে সেচ পাম্প আসায় এর কার্যক্রম বিলুপ্ত হয়েছে এবং ক্যানেলের দুই দিকের ধ্বংসাবশেষ এলাকার মানুষ রাস্তা হিসেবে ব্যবহার করছে এবং পানি উন্নয়ন বোর্ডের অবকাঠামোগুলো অদৃশ্য কারণে বেদখল হয়েছে যার কারন আজও অস্পষ্ট। অদূরে রয়েছে বোড়াগাড়ী ব্রীজ এবং তৎসংলগ্ন ফরেস্টের সন্মূখে খানসেনাদের ব্যাংকার বা পাক হানাদার বাহিনীর শক্তিশালী প্রতিরক্ষা ক্যাম্প। যার ধ্বংসাবশেষ আজও বিদ্যমান।
১৯৭১ সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে যখন মুক্তিযোদ্ধাগণ ডোমারকে পাক হানাদার বাহিনী মুক্তকরনে এগিয়ে আসলে তখন পাক-হানাদার বাহিনী এই ব্রীজটি মাইন বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয় এবং পশ্চাৎপদ অনুসরণ করে। যার ধ্বংসাবশেষ ও কালের বিবর্তনে আজ বিলীন হতে বসেছে।
Leave a Reply