কুড়িগ্রামের রাজারহাটে প্রকাশ্যে, পুলিশের উপস্থিতিতেই ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক শিবির নেতা, যাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা শহরের রাজারহাট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—শিবির নেতা সুজন মিয়া ও সামিদ সাকি মাহিন। সুজন মিয়া উপজেলা পশ্চিম থানা শিবিরের সভাপতি এবং মাহিন উপজেলা শাখার সাবেক অফিস সম্পাদক ও জেলা স্কুল বিভাগের বাইতুল মাল সম্পাদক।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারীর নেতৃত্বে একদল নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকেই অবস্থান নেয়। পরে সুজন ও মাহিন ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপর হামলা চালানো হয়। এতে সুজন মিয়ার মাথা ফেটে যায় এবং মাহিনও আহত হন।
শিবির নেতা মাহিন অভিযোগ করেন, ফেসবুকে পোস্ট ও দেয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। তিনি দাবি করেন, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের কাছে সহায়তা চাইলেও তারা কোনও পদক্ষেপ নেননি।
অন্যদিকে, হামলার কথা আংশিক স্বীকার করে ছাত্রদল আহ্বায়ক রুবেল পাটোয়ারী বলেন, “ফেসবুকে অপপ্রচার ও উসকানিমূলক মন্তব্যের জেরে উত্তেজনা তৈরি হয়। আমাদের কয়েকজন কর্মী তাদের মারধর করেছে, তবে আমি থামানোর চেষ্টা করেছি।”
তবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা রুবেল মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনও উসকানিমূলক পোস্ট দেননি এবং তাকে অযথা অবরুদ্ধ করে রাখা হয়েছিল।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, “ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
Leave a Reply