ঢাকার ধলেশ্বরী টোল প্লাজার কাছে বাসের যাত্রীদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারানো বাস হেলপা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুলালের পরিবারের খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেবনাথ। রোববার সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার গ্রামে কেজি স্কুলপাড়ায় নিহত দুলালের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় নিহত দুলালের বড়ভাই ও স্ত্রী মোসলিমা খাতুনের সঙ্গে কথা বলেন ইউএনও। তিনি পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয়সহায়তার আশ্বাস দেন। এসময় ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।
জানা যায়, গত শুক্রবার রাতে আহসান পরিবহনের একটি বাস ধলেশ্বরী টোল প্লাজার কাছে পৌঁছালে হঠাৎ বাসটির ব্রেক বিকল হয়ে যায়। চালক শত চেষ্টা করেও বাস নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে শেষ মুহূর্তে বাসের হেলপার দুলাল যাত্রীদের জীবন রক্ষায় সাহসী পদক্ষেপ নেন। তিনি বাস থেকে নেমে কাঠের গুঁড়ি ও ভারী বস্তু চাকার নিচে দিয়ে বাস থামানোর চেষ্টা করেন।
একপর্যায়ে বাস থামাতে গিয়ে তিনি নিজেই চাকার নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে তার আত্মত্যাগে বাসের সকল যাত্রী অক্ষত অবস্থায় রক্ষা পান।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, যাত্রীদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করার ঘটনা অত্যন্ত বিরল ও নজিরবিহীন। তিনি দুলালের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং পরিবারের মঙ্গল কামনা করেন।
ইউএনও পরিবারটিকে সরকারি আর্থিক সহায়তার জন্য আবেদন করার পরামর্শ দেন এবং এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে নিহত দুলালের স্ত্রী মোসলিমা খাতুনের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
Leave a Reply