আম্মাকে নিয়ে আমাদের পাঁচ ভাইবোনের গোপন মিটিং চলছে। রুদ্ধদ্বার বৈঠক, দোতলায় বড় ভাইয়ার ফ্ল্যাটে। আম্মা এখন সবার মাথা ব্যথার বড় কারণ। কোন ভাইবোনই এখন আর উনার দেখভালের দ্বায়িত্বটা নিতে আগ্রহী নয়।
অনেকটা বাধ্য হয়েই তাই ভাইবোনদের এই মিটিংটা! আম্মাকে দেখাশোনার বিষয়টা পারমানেন্টলি ফায়সলা করতে। নীলা, আমাদের সবচাইতে ছোটবোন মিটিং সফল করতে সবার সাথে যোগাযোগ করেছে। এরই ফলশ্রুতিতে সব ভাইবোনদের স্ত্রী স্বামী সহ এ মিটিংয়ে উপস্থিত।
আমার স্ত্রী সোমা মিটিংয়ে আসার আগে পই পই করে আমাকে শিখিয়ে দিয়েছে। যে করেই হোক আমি যেন মায়ের দেখাশোনার দ্বায়িত্বটা এভয়েড করি। আমার দুই মেয়ে দুজনেই নামী ইংলিশ মিডিয়াম স্কুলে আছে। একজন “এ” আর একজন “ও” লেভেলে! ভালো করে এখন ওরা বাংলাই বলতে পারে না! ভীষণ গেয়ো আর আনস্মার্ট দাদীকে ওদের একেবারেই অপছন্দ! বন্ধুদের কাছে নাকি উনাকে নিয়ে ওদের প্রেস্টিজ থাকে না!
মিটিং শুরু হতেই বুঝতে পেরেছিলাম, প্রত্যেকের যুদ্ধংদেহী মনোভাবটা! সবাই কঠোর প্রস্ততি নিয়ে এসেছে যে করেই হোক মায়ের দ্বায়িত্বটা এড়িয়ে যাবে। তবে আপনারা যতটা খারাপ ভাবছেন, অতোটা খারাপ আমরা কেউই না। বাসায় একসঙ্গে রাখবেন না তবে টাকা পয়সা বা প্রয়োজনীয় জিনিস দিতে কারোরই কোনরকম আপত্তি নেই।
আমাদের মা রাহেলা খাতুন। লোকে উনাকে রত্নগর্ভা বলেন। পাঁচ ভাইবোনকে বলতে গেলে এক হাতেই মানুষ করেছেন। আমাদের বাবা শফিকুল হক ব্যস্ত ব্যাংকার ছিলেন। তার উপর নিজের ভাইবোন বা সামাজিক কাজ নিয়েই উনি আজীবন ব্যস্ত ছিলেন! ছেলে মেয়েদের খুব একটা সময় দিতেন না। তবে আব্বা কষ্ট করে খিলগাঁওয়ের এই পাঁচতলা বাড়িটা করে গিয়েছিলেন। আমাদের ভাইবোনদের ঢাকায় থাকার সমস্যাটা সমাধান করে গেছেন বলে আব্বার প্রতি আমরা সব ভাইবোনরাই কৃতজ্ঞ!
আম্মা অবশ্য ছোটবেলা থেকেই আব্বার অভাবটা বেশ ভালোভাবেই পুষিয়ে দিতেন। পাঁচ ভাইবোনের জন্য এমনকি উনি একদিনের জন্যও কখনোই কোথায় বেড়াতে যাননি! খাবার দাবারের জন্যও কখনো আমাদের কোন রকম কমপ্লেন করতে হয়নি। সব কিছু রেডি থাকতো! পড়াশোনার ব্যাপারেও মায়ের ভীষণ আগ্রহ, এক বিন্দুও ছাড় দেননি। গৃহশিক্ষক বা ব্যাচে পড়ার বিষয় তদারকি করতেন কঠোরভাবে।
সবকিছুই ঠিক ছিল। গত বছর আব্বা হঠাৎ করে মারা যাওয়ার পরই বিপত্তির শুরু। আব্বার রিটায়ারমেন্টের পর আম্মার সাথেই উনার জীবন, তিনতলার ফ্ল্যাটটায় দুজনে বেশ ভালো সময় কাটাচ্ছিলেন।
এর মধ্যে বড় ভাইয়া বিয়ে করে দোতলায়, আর বড়পা চারতলার দখল নিল। আর আমিও সোমাকে বিয়ে করে এ বাড়ির পাঁচতলায় প্রায় দেড় যুগ ধরে। সবচাইতে ছোট ভাই সোহেলও বিয়ে করে এ বাড়ি ছাড়েনি, একতলার দখল নিয়েছে। শুধুমাত্র ছোট বোন নীলা বিয়ের পর রামপুরায় ওর শশুর বাড়িতে থাকতো। এই নীলাও শেষ পযর্ন্ত বাবা মার তিনতলার দখল নিল, আব্বা মারা যাওয়ার পরপরই।
মা তখন একা হয়ে পরলেন, বাসায় আনএটেনডেন্ট অবস্থায় একবার সেন্সলেস হয়ে যাওয়ার পর পালাক্রমে এখন ভাইবোনদের ফ্ল্যাটে থাকেন। তবে সত্যি বলতে আমরা ভাইবোনরা কেউই আম্মার সাথে থাকার এ বিষয়টি পছন্দ করছি না। তার উপর আম্মা প্রায় সারাবছরই অসুস্থ থাকেন। উনাকে নিয়ম করে ওষুধ খাওয়ানো, ডাক্তার দেখানো বা সেবা শুশ্রূষা করার মতো সময় আমাদের কারোরই নেই। প্রত্যেকেই এখন নিজ নিজ সংসার নিয়ে ভীষণ ব্যস্ত। তাইতো একপ্রকার বাধ্য হয়েই ভাইবোনদের মিটিং ডাকা, গ্রহনযোগ্য কোন সমাধান খুঁজে বের করতেই।
মিটিংটা শান্তিপূর্নই ছিল! হঠাৎ করেই ছোটবোন নীলা বড় ভাবীর কথাতে রিএক্ট করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। ভাবি কিন্তু ভালো একটা প্রস্তাব দিয়েছিলেন, মাকে দেখে শুনে ভালো একটা বৃদ্ধাশ্রমে পাঠানো। মাথা মোটা নীলা এটা শুনেই রিএক্ট করলো, ও বলতে চাইছে মা এ বাড়িতেই থাকবে। আর মায়ের দ্বায়িত্বটা নিতে হবে আমাদের তিন ভাইয়ের!
নীলা, বড় ভাবি, সোহেল আর পরবর্তীকালে আমাদের সবার চিৎকার চেচামেতিতে মিটিংটা আর গোপন থাকলো না। মা তিনতলা থেকে নেমে দোতলায় আসলেন। সব কথাই শুনলেন আর বুঝলেন! আম্মাকে শুধু দেখেছিলাম কাঁদতে কাঁদতে তিনতলায় গিয়ে দরজা বন্ধ করে দিতে। এরপর কোন রকম সমাধান ছাড়াই মিটিং শেষ করে যে যার ফ্ল্যাটে চলে গেলাম। আম্মার নাকি কান্নাটায় সোমা কেনো আমি নিজেও খুব বিরক্ত হয়েছিলাম। উনার জন্যই এখন ভাইবোনদের মধ্যে এসব অহেতুক মনোমালিন্য আর ঝগড়া!
পরদিন সকালে সোমা জানালো আম্মাকে নাকি এ বাসায় আর পাওয়া যাচ্ছে না। কাউকে কিছু না বলেই ভোরে এ বাসা ছেড়ে চলে গেছেন! ভাইয়াকে ফোন করতেই দেখলাম, আম্মার এভাবে চলে যাওয়ায় উনি আমার মতই বিরক্ত, সোহেলও। আম্মার বিষয়টি গুরুত্ব না দিয়ে আমরা যে যার মত অফিসে চলে গেলাম।
সন্ধ্যায় উকিল আংকেলের কথা শুনে আমাদের সব ভাইবোনদের আক্কেল গুড়ুম। আব্বা মৃত্যুর আগে পুরো বাড়িটা নাকি আম্মাকে লিখে দিয়ে গেছেন। আইনত এই বাড়ির পুরো মালিকানা নাকি এখন একমাত্র আম্মারই! আর সবচাইতে ভয়াবহ সংবাদ, মা নাকি এখন বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। উকিল আংকেল এসেছেন আমাদেরকে মায়ের সিদ্ধান্তটা ফর্মালি জানাতে। কথাটা বিশ্বাস যোগ্য করতে বাড়ির নতুন দলিলটাও দেখালেন, রাহেলা খাতুনের নামে।
কথাটা শুনেই আমাদের সব ভাইবোনের মাতৃভক্তি চরমে উঠে গেল! একই সাথে সবাই মাকে ফোন দিতেই, মায়ের ফোন বন্ধ পেলাম। সবাই দুঃশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়লাম, এমনকি বড় ভাবিটা কাঁদতেও শুরু করে দিলেন। অবাক হলাম আমার স্ত্রী সোমা সবার সামনে ঘোষনা দিল, আম্মা এখন আমাদের সাথে পাঁচ তলায়ই থাকবে। কিন্তু সোমার প্রস্তাবটা টিকলো না। বড় ভাবি, সোহেল আর নীলার মধ্যে কথা কাটাকাটি চলছিল, প্রত্যেকেই এখন মাকে নিজের সাথে রাখতে চায়।
আমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলাম, এখনই জয়পাড়ায় গিয়ে মাকে নিয়ে আসবো। সোমাকে চোখ টিপ দিয়ে পাঁচতলায় নিয়ে আসলে, সেও গো ধরলো এই সন্ধ্যায় আমার সাথে জয়পাড়ায় যাবে। আম্মার পানের পিক ফেলানোর কষ্টটা এখন ওর হৃদয় থেকে কর্পূরের মত উড়ে গেছে। আশ্চর্য হলাম শুনে, আম্মার সাথে বেয়াদবি করলে ইংলিশ মিডিয়াম দুটো কন্যাকে নাকি এখন থেকে থাপ্পরও দিবে বললো!
আমি অবশ্য ওদেরকে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করে আর সময় নষ্ট করতে চাইছিলাম না। আমার আর সোমার দুজনের এখন খুব মন খারাপ। মা সেই ভোর থেকে একা আছে। ডায়বেটিস আর প্রেসারের রোগী! ওষুধটা ঠিক মতো খেয়েছে কিনা? দুপুরেই বা কি খেয়েছে? এসব ভাবতে ভাবতেই গাড়িতে একটু স্পীড দিলাম। সময় নষ্ট করা যাবে না, না আর এক মুহূর্তের জন্যও না!
Leave a Reply