মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় বসেছিল খুদে বিজ্ঞানীদের মিলনমেলা। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি)-এর উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী।
শুক্রবার সকাল থেকেই অডিটোরিয়াম প্রাঙ্গণে মুখর হয়ে ওঠে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায়। খুদে বিজ্ঞানীরা তাদের মেধা ও সৃজনশীলতা উজাড় করে উপস্থাপন করে প্রযুক্তিনির্ভর নানা চমকপ্রদ প্রকল্প, যা আগত অতিথি ও দর্শনার্থীদের দারুণভাবে মুগ্ধ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.এ.আর.এম.আল মামুন, একাডেমিক সুপারভাইজার দিলরুবা এবং আরাজী শাহাবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ফাকের।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী ভাবনার খোঁজখবর নেন। সবশেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
Leave a Reply