ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী ডে কোচ ও নাইট কোচ সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সর্বস্তরের জনগণ ও উপজেলা বিএনপির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। আন্ধারীঝাড় এলাকায় বাস পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাস সার্ভিস বন্ধ থাকায় সীমান্তবর্তী এ উপজেলার মানুষের রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বক্তারা আরও বলেন, জরুরি প্রয়োজন, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক কাজে ঢাকায় যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। ফলে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরকার, ইফতেখারুল ইসলাম শ্যামা, কাজী নিজাম উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা অবিলম্বে ভূরুঙ্গামারী-ঢাকা রুটে ডে অ্যান্ড নাইট কোচ সার্ভিস পুনরায় চালুর দাবি জানান। একই সঙ্গে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
Leave a Reply