পাবনার আটঘরিয়া উপজেলায় একদন্ত ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আদম আলীকে (৬০) গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার চণ্ডীপাশা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আদম আলী স্থানীয় একদন্ত বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল অস্ত্রধারী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা প্রথমে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।
নিহত আদম আলীর বাড়ি উপজেলার ষাটগাছা গ্রামে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। উল্লেখ্য যে, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আটঘরিয়ার ষাটগাছা গ্রামের একটি বাঁশঝাড় থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় দায়ের করা মামলায় আদম আলী প্রধান আসামি ছিলেন। ঘটনার চার দিন পর ২৮ ডিসেম্বর টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকা থেকে র্যাব তাঁকে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছিলেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। কারাগারে থাকার পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়িতে ফিরেছিলেন।
ঘটনার বিষয়ে একদন্ত ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান জানান, আদম আলী দলের ওয়ার্ড পর্যায়ের দায়িত্ব পালন করছিলেন। তিনি এলাকাটিকে সন্ত্রাসকবলিত উল্লেখ করে বলেন, ঠিক কী কারণে তাঁকে এভাবে হত্যা করা হলো, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ওসি আরও জানান, কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এর পেছনে সুনির্দিষ্ট কী কারণ রয়েছে, তা শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
সূত্র: প্রথম আলো
Leave a Reply