জামালপুরে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ
- আপডেট সময় : ০৪:৫১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
জামালপুরের সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত মধ্যরাতে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের মেকুরআলগা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ হওয়া কাপড়ের মোট পরিমাণ ৪ হাজার ২৭২ মিটার, যার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। তবে অভিযান চলাকালীন চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার সকালের দিকে জব্দ করা মালামাল এবং নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান রোধে কঠোর নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
সূত্র: দৈনিক আমার দেশ

























