নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত: রিজভী
- আপডেট সময় : ০১:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর গোপন আঁতাত বিদ্যমান বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর ফকিরাপুল এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এ অভিযোগ তোলেন। রিজভী আরও বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ধারাবাহিকভাবে মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করছেন। এ বিষয়ে দলের কাছে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপ্রমাণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে নতুন করে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করা হলে সাধারণ মানুষ তা আর সহ্য করবে না। রিজভী দাবি করেন, বিভিন্ন মহলের উস্কানি বা অপপ্রচারে মনোযোগ না দিয়ে সরকার পূর্ণ দায়িত্বশীলতার সাথে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এসময় তিনি সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে বলেন, বিশ্ব ক্ষুধা সূচকের সাম্প্রতিক তথ্যে দেখা গেছে ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা সরকারের সঠিক নীতিরই প্রতিফলন। লিফলেট বিতরণ কর্মসূচি ও জনসংযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ দলের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: মানবজমিন

























