সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্যদের অনধিকার প্রবেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষকদের ফসল রক্ষায় স্থাপিত খুঁটি উপড়ে ফেলার ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা স্পিডবোটে করে সীমান্ত এলাকা ত্যাগ করেন।
ঘটনাটি ঘটেছে রবিবার (২ নভেম্বর) সকালে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে। স্থানীয়রা জানান, সকালে বিএসএফের চারজন সদস্য নদী পেরিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। তারা কৃষকদের ফসল রক্ষার জন্য স্থাপন করা বাঁশের খুঁটি উপড়ে ফেলতে শুরু করলে স্থানীয় লোকজন প্রতিবাদ জানান। এতে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়লে বিএসএফ সদস্যরা দ্রুত একটি স্পিডবোটে উঠে নিজ দেশে ফিরে যান।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বিএসএফের সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অংশে প্রবেশ করে কৃষিজমির পাশে স্থাপিত খুঁটি উপড়ে ফেলছেন। এ সময় স্থানীয়দের প্রতিবাদে তারা পিছিয়ে যান।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, “ঘটনার পরপরই আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছি। বৈঠকে বাংলাদেশ সীমান্তে বিএসএফের প্রবেশের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে সীমান্তের এই অংশে নদী ভাঙন ও জমি নিয়ে কিছু বিরোধ থাকলেও বিএসএফের এ ধরনের অনধিকার প্রবেশ আগে কখনও ঘটেনি। এতে সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে রয়েছে।
Leave a Reply