রাজিবপুরে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারি গ্রেফতার।
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের সাজাই সরকার পাড়া গ্রামে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত নারী হলেন সাজাই সরকার পাড়া গ্রামের হাসানুর রহমানের স্ত্রী তারা ভানু। বৃহস্পতিবার (৭ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মুছা মিয়া এর দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ওই নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি পুলিশের হাতে আটক হন। পরে তার বাড়ি তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে রাজিবপুর থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। উপজেলার কোথাও মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এ ঘটনায় গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
Leave a Reply