বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম।
সাক্ষাৎকালে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা হয়। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এবং প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পায়। বিশেষ করে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে কার্যকরভাবে সম্প্রসারণ এবং এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষত নারীদের আরও বেশি অন্তর্ভুক্ত করার বিভিন্ন দিক নিয়ে প্রতিনিধিরা মতবিনিময় করেন।
একই সঙ্গে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও জোর দেওয়া হয়। এছাড়া তৃণমূল পর্যায়ের মানুষের ক্ষমতায়ন, বিএনপির নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকারসমূহ, সরকারের পলিসি এবং এগুলো বাস্তবায়নের কৌশল নিয়েও আলোচনা করা হয়।
বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করে। তারা সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোতে কারিগরি সহযোগিতা প্রদান এবং সংশ্লিষ্ট খাতে সরকারের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন গেইল এইচ. মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ এবং শ্রায়না ভট্টাচার্য।
Leave a Reply