লক্ষ্মীপুরের বিসিক শিল্প নগরীতে অবস্থিত 'আবু তাহের ছানা কোম্পানি' নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুমধু চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রতিষ্ঠানটি ৫০ কার্টুন ঘি বিক্রির অর্ডার নিয়েছিল। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করা হয়। জব্দকৃত প্রতিটি কার্টুনে ৯০০ গ্রাম ওজনের ১২টি করে কৌটা ছিল। এসব ঘি ভ্রাম্যমাণ আদালতের সামনেই বিনষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযানে প্রতিষ্ঠানটির ম্যানেজার ও কারিগর জিল্লাল হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত জিল্লাল সদর উপজেলার চররুহিতা গ্রামের বশির উল্যার ছেলে। প্রতিষ্ঠানের মূল মালিক জিল্লালের ভাই আব্দুল মান্নান অভিযানের সময় পলাতক ছিলেন।
জিল্লাল ভ্রাম্যমাণ আদালতের সামনে স্বীকার করেছেন যে, তারা সয়াবিন তেল, ডাল্টা ও ঘির ফ্লেভার মিশিয়ে ঘি তৈরি করতেন এবং প্রতিটি ৯০০ গ্রামের কৌটা ১৪০০ টাকায় বিক্রি করতেন। যদিও কারখানায় অভিযানের সময় কোনো সয়াবিন তেল পাওয়া যায়নি।
জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুমধু চক্রবর্তী জানান, প্রতিষ্ঠানটি মার্জারিন ঘি উৎপাদনের জন্য অনুমোদন নিলেও বাস্তবে নকল ঘি তৈরি করছিল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া ঘিয়ের কৌটায় নগদ টাকার কুপন রাখা এবং নোংরা পরিবেশে ঘি তৈরির অভিযোগও রয়েছে। প্রতিষ্ঠানটি বিসিক থেকে জমি নিয়ে 'আবু তাহের ছানা কোম্পানি' নাম ব্যবহার করলেও বর্তমানে 'তাহের ফুড ইন্ডাস্ট্রিজ' নামে নকল ঘি উৎপাদন করছিল বলে জানা গেছে।
Leave a Reply