৩০ জুলাই সারাদেশে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
- আপডেট সময় : ০৯:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে
সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধি ও সরকারি ফি পুনর্নির্ধারণসহ চার দফা দাবিতে আগামী ৩০ জুলাই সারাদেশে ১৮ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জুলাই ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশের সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দাবি আদায় না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে ৮ টাকা কমিশন নির্ধারিত রয়েছে। গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি এবং যন্ত্রাংশের দাম বৃদ্ধি পাওয়ায় কমিশন বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা করার দাবি জানানো হয়েছে। এছাড়া গ্যাসের দাম বাড়লে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়, পুরোনো গ্রাহকদের অতিরিক্ত জামানত আদায় বন্ধ এবং সওজ বিভাগের জমি ইজারা ও সরকারি লাইসেন্স ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবিও জানানো হয়েছে।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর বলেন, ব্যবসার পরিচালন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে টিকে থাকার জন্য এসব দাবি জানানো হয়েছে। নেতারা জানান, জ্বালানি মন্ত্রণালয় ও বিইআরসিতে বারবার আবেদন করেও সমাধান না মেলায় গত ১৮ জুলাই জরুরি সভায় এই আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে সভাপতি মনোরঞ্জন ভক্তসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নেতারা জানিয়েছেন, ধর্মঘটের পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনার পথও খোলা থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























