রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এই মনোনয়নপত্র হস্তান্তর করা হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচন ভবনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়।
এছাড়া দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন নিজান এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও হাবিব উন নবী খান সোহেলসহ দলের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন।
নির্বাচন ভবনে মনোনয়নপত্র গ্রহণকালে সিইসির সঙ্গে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন। মির্জা ফখরুলের পক্ষে দাখিল করা এই মনোনয়নে প্রস্তাবক হিসেবে রয়েছেন ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, দলের সম্মানিত চেয়ারম্যান এবং সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
উল্লেখ্য, এর আগে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন ব্যাপক আলোচনা চলছে।
যু//র
Leave a Reply