রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আলাউদ্দিন নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে উপজেলার সাঁকোয়া গ্রামের ঈদগাহ বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে আসন্ন ঈদুল ফিতরের নামাজ পড়ানোর জন্য ইমাম নির্ধারণে শনিবার রাতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উভয় পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানালে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে কয়েকজন আহত হন।
আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। উপজেলা জামায়াতের আমির জানিয়েছেন, নিহত আলাউদ্দিন তাদের দলের একজন কর্মী ছিলেন।
ঘটনার পর বিক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়কে আগুন জ্বালিয়ে কিছু সময়ের জন্য অবরোধ সৃষ্টি করেন। এ সময় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply