সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা-এর বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টায় বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
একশনএইড বাংলাদেশের সহায়তায় এবং ভার্ড (VARD) কর্তৃক বাস্তবায়িত এলআরপি-৪৩ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” (Climate Action for a Safer Future)।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্পন্সর, চাইল্ড ফোরাম, সিজেজি, ইয়ুথ সার্কেল এবং নারী উন্নয়ন ফেডারেশনের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাঘাট দক্ষিণ নারী উন্নয়ন ফেডারেশনের সভাপতি আনোয়ারা বেগম। সঞ্চালনায় ছিলেন স্পন্সর ও সিজেজি সদস্য তানিয়া আক্তার এবং আল-আমিন।
এছাড়াও অনুষ্ঠানে সার্কেল ও ফেডারেশনের সদস্য সুফিয়া, সাহানা, আজুফা, অঞ্জনা, রানুকা ও বিলকিস বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ভার্ডের প্রজেক্ট ম্যানেজার মো. সাইদুল ইসলাম।
Leave a Reply