নওগাঁর সাপাহার উপজেলা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএএফ। তবে পুশ-ইন চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাঁপানিয়া সীমান্ত এলাকায় দিয়ে পুশ ইনের চেষ্টার শিকার ওই ১৭ জনশূন্য রেখায় অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।
অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
বিজিবি জানায়, হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে ভারতের ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন।
খবর পেয়ে হাঁপানিয়া বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ১৭ জনকে ভারতীয় শূন্য রেখার অভ্যন্তরে শনাক্ত করে। ১৭ জনের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী এবং পাঁচজন শিশু। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছেন।
অবৈধভাবে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “ওই এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। শূন্য রেখায় অবস্থানরত ১৭ জনকে ভারতে ফেরত নেওয়ার জন্য বিএসএফ বলা হয়েছে। তবে বিএসএফ তাদেরকে পুশ ইন করেনি এবং ফেরত নিতেও অস্বীকার করেছে।”
আলোচনার মাধ্যমে তাদেরকে ভারতীয় ভূখণ্ডে পাঠানোর (পুশ-ব্যাক) প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
Leave a Reply