আগামী নির্বাচনে ২৭ কুড়িগ্রাম ৩ আসনে বদলে যাবে রাজনীতি দৃশ্যপট।
একক উপজেলা উলিপুর নিয়ে গঠিত কুড়িগ্রাম- ৩ আসন। ১৯৮৪ সালে সৃষ্ট আসনটি জাপার দুর্গ হিসেবে পরিচিত। এরশাদপন্থি রাজনীতির বিভিন্ন অধ্যায় অতিক্রম করে জাপা ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত এ আসনে বারবার জয় লাভ করে।
সর্বশেষ ২০২৪ সালের ডামি নির্বাচনে আওয়ামী লীগের সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা জয়ী হন। এবার পুরোনো সমীকরণ ভেঙে নতুন শক্তির উত্থান ঘটছে। উত্তরাঞ্চলের নদীবিধৌত জনপদের আসনটিতে পাল্টে যাচ্ছে রাজনীতির দৃশ্যপট।
বহু বছর ধরে মাঠের রাজনীতি থেকে দূরে থাকা জামায়াত দলটির হেভিওয়েট নেতাকে প্রার্থী ঘোষণা করেছে। ভোটযুদ্ধে জামায়াত একক প্রার্থী দিয়ে সক্রিয় দল হিসেবে জনগণের নজরে এসেছে।
তবে এ আসনে বিএনপির জনপ্রিয়তাও তুঙ্গে। সম্প্রতি দলটির মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতা তৎপর থাকায় অন্তর্দ্বন্দ্বে জনমনে উৎকণ্ঠা তৈরি হয়েছে। অন্যদিকে ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের মতো বিকল্প রাজনৈতিক শক্তিও আসনটিতে ঘাঁটি গাড়তে চায়।
জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। তাকে নিয়ে আশার আলো দেখছেন দলটির এ আসনের নেতাকর্মীরাা।
সালেহী বলেন, ‘গণসংযোগের মধ্য দিয়ে ইসলামি আদর্শের রাজনীতির আদর্শিক ঘরানা ধরে রেখেই ভোটারদের কাছে নতুন আস্থার বার্তা পৌঁছে দিচ্ছি। আমরা আশাবাদী।’
বিএনপির মনোনয়ন প্রত্যাশায় মাঠে আছেন, দলটির সাবেক জেলা সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা তাসভীর উল ইসলাম এবং বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক। দুজনই মাঠে প্রচার-প্রচারণার পাশাপাশি মনোনয়ন দৌড়ে কেন্দ্রে জোর লবিং চালাচ্ছেন।
তাসভীর বলেন, ‘বৃহৎ দল হিসেবে প্রতি আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকার বিষয়টি গৌরবের। দল যাকেই টিকিট দেবে তার হয়েই ভোটের মাঠে একত্রে কাজ করব।’
আবদুল খালেক বলেন, ‘দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠন পরিচালনায় দক্ষতা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা বিবেচনায় দল এবার প্রার্থী দেবে। বিএনপির হয়ে মাঠে ছিলাম, আছি, দল যাকে মনোনয়ন দিক তার পক্ষেই মাঠে থাকব।’
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দলটির প্রার্থী অ্যাডভোকেট এসএম নুরে এরশাদ সিদ্দিকী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. আক্কাস আলী সরকার। দল দুটির স্থানীয় সাংগঠনিক ভিত্তি অপেক্ষাকৃত দুর্বল। গণসংযোগে এ দুই প্রার্থীও নিজ নিজ আদর্শিক অবস্থানে থেকে অংশ নিচ্ছেন মাঠের লড়াইয়ে।
এনসিপি একেবারেই নতুন শক্তি হলেও তরুণদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে। সম্ভাব্য প্রার্থী লেখক ও ছাত্রনেতা নাজমুল আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এবং শহরাঞ্চলে শিক্ষিত ভোটারদের মধ্যে আলোচনায় আছেন।
Leave a Reply