দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে ইতোপূর্বে বহিষ্কৃত ও পদ স্থগিত হওয়া ২৩ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে পদ স্থগিত ও অব্যাহতি দেওয়া আরও কয়েকজন নেতার ক্ষেত্রেও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন, ময়মনসিংহ দক্ষিণ জেলার ফুলবাড়িয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামিম আহমেদ, রাজবাড়ী জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি কাজী শারমিন আক্তার টুকটুকি, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব ইমাম হোসেনসহ বিভিন্ন জেলা ও উপজেলার বিএনপি, মহিলা দল, ওলামা দল ও ছাত্রদলের নেতারা।
এছাড়া সারিয়াকান্দি পৌর বিএনপির কয়েকজন নেতা ও কর্মীর প্রাথমিক সদস্যপদও পুনর্বহাল করা হয়েছে।
অন্যদিকে, আবেদনের প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মদিনা আক্তার ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মতিন বকশের পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এছাড়াও সুনামগঞ্জের বিশ্বম্বর উপজেলা বিএনপি কর্মী সৈয়দ রমিজ উদ্দিনের বিরুদ্ধে পূর্বে জারি করা অব্যাহতির আদেশও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহার করা হয়েছে।
বিএনপি সূত্র জানায়, সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় ফোরামে বিষয়গুলো পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply